‘খুনিদের সঙ্গে কিসের সংলাপ?’—এমন প্রশ্ন রেখে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি একটি অবৈধ সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন। তারা মানুষ হত্যার রাজনীতি করে। এ কারণে বিএনপির নিবন্ধন বাতিল করার দাবি উঠেছে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে নির্বাচনে করণীয় শীর্ষক যুবলীগের কার্যনির্বাহী সভায় এ প্রশ্ন তুলেন তিনি।
শেখ পরশ বলেন, ‘অনেকে সংলাপের কথা বলছেন। কার সঙ্গে সংলাপ? খুনিদের সঙ্গে কিসের সংলাপ? তারা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, তাদের সঙ্গে আবার কিসের সংলাপ?’
তিনি আরও বলেন, ‘বিএনপি না এক দফার দাবি দিয়েছিল? কোথায় গেল তাদের এক দফা? জিয়াউর রহমান অবৈধভাবে হত্যা-ক্যুর মাধ্যমে বিএনপি গঠন করেছিলেন। তাই বাংলার যুবসমাজ বিএনপির নিবন্ধন বাতিল করে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাচ্ছে।’
সভাপতির বক্তব্যে শেখ পরশ আরও বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য প্রথমে আমি সাধুবাদ জানাই নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে সঠিক সিদ্ধান্তটি নিতে পেরেছেন বলে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই।’
সাংবাদিকদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘তাদের (সাংবাদিক) উপরও আক্রমণ করা হয়েছে ২৮ অক্টোবর। হাসপাতালে আক্রমণ করা হয়েছে, অ্যাম্বুলেন্সে আক্রমণ করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ কারণে এদেরকে (বিএনপি) মোকাবিলা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে। সর্বদা সতর্ক থাকতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, মামুনুর রশীদ, আবু আহমেদ নাসিম পাভেলসহ অনেকে।