চট্টগ্রামে বাস ও মিনি ট্রাকে আগুন

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় একটি বাস ও কর্ণফুলী এলাকায় একটি মিনি ট্রাকে আগুন দেওয়ার খবর এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি জহির হোসেন, চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৮ নভেম্বর) রাত আটটা-নয়টার মধ্যে এই দুই অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, ‘যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে বাস ও ট্রাক পুড়ে গেছে।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘রাত আটটার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে একটি চলন্ত মিনি ট্রাকে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

অন্যদিকে রাত নয়টার দিকে বহদ্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে কালুরঘাট স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত মিনি ট্রাকে আগুন ধরে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।’

চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির বলেন, ‘বাসের ব্যাটারি সংযোগস্থল হতে আগুন লেগেছে বলে শ্রমিকরা জানিয়েছেন। এরপরও এ ঘটনা (নাশকতা কিনা সেটি) তদন্ত করে দেখা হচ্ছে।’