ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে কুপিয়ে জখম

ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন আহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। 

শনিবার (১৮ নভেম্বর) সকালে সৈয়দ মিলনের স্ত্রী সৈয়দা মারিয়া বেগম বাদী হয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির এবং যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর কামাল শরীফসহ ৩৯ জনের নামে মামলাটি করেন।

মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১২০ জনকে আসামি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে গ্রেপ্তার করেছে।

জানা যায়, গত ১৬ নভেম্বর ঝালকাঠি শহরে হরতালবিরোধী শান্তি মিছিলের মহড়াকালে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ ৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

মামলার বাদী মিলনের স্ত্রী মারিয়া বেগম বলেন, হত্যার উদ্দেশ্যে মিলনকে কুপিয়ে গুরুতর জখম করেছে আসামিরা। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ভালো নয়। আমি এর সঠিক তদন্ত ও আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
 
ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, মিলনের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের ধরতেও অভিযান চলছে।