নির্বাচনে পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে প্রস্তুত থাকার নির্দেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মায়ানমারের অভ্যন্তরীন চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি মহাপরিচালক পরিদর্শন করেন।

সোমবার (২০ নভেম্বর) কক্সবাজারে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিদর্শনকালে সৈনিকদেরকে এ নির্দেশনা দেন।

বিজিবি সদরদপ্তর সূত্র জানায়, রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বাইশফাঁড়ি বিওপি এবং তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি সবাইকে সীমান্তে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সাথে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়কগণসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৮ অক্টোবর পল্টনে বিএনপির সমাবেশে সহিংসতার পর থেকে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচিতে সাধারন মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে রাজধানীসহ সারাদেশে ২২৮ প্লাটুন বিজিবি মাঠে  কাজ করছে।