ডিগবাজি দিয়ে ফারুকী’র ছবির প্রচারণায় জায়েদ

প্রথমবারের মতো অভিনয় করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী! খবরটি সবারই জানা। এবার জানা গেল, ফারুকী অভিনীত সেই সিনেমাটির মুক্তির তারিখ!

খবরটি এরই ভেতরে নির্মাতা, কলাকুশলীরা জানিয়েছেন। তবে, খানিক অবাক করার মতো ঘটনা হলো দেশে-বিদেশে প্রশংসিত নির্মাতা ফারুকীর ছবির প্রচারণা করলেন জায়েদ খান। সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই তাকে ডিগবাজি জায়েদ খান নামেই ডাকেন। একটি ইভেন্টে ডিগবাজি দেবার পরই এই টাইটেল।

সাম্প্রতিক নেটিজান দুনিয়ায় জায়েদ খান বহুলচর্চিত একটি নাম। সম্প্রতি জায়েদ খানকে তার ডিগবাজি স্টাইলেই নির্মাতা ফারুকী অভিনীত প্রথম চলচ্চিত্রের প্রচরণায় দেখা গেল। মজার একটা ভিডিও ক্লিপে নির্মাতাসহ একাধিক কলাকুশলীরাও ছিলেন। তাদের সামনেই একটি ছোট্ট নাটিকার ভেতর দিয়েই আবির্ভূত হয়ে দুটো ডিগবাজি দিয়ে জায়েদ নির্মাতা ফারুকীর ছবির প্রচারণা করেন ।

চরকি প্রযোজিত ফারুকী অভিনীত প্রথম ওয়েব ফিল্মটির নাম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, সংক্ষেপে এটিকে বলা হচ্ছে ‘অটোবায়োগ্রাফি’। নিজের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা!

এর আগে ওয়েব ফিল্মটি বুসান ও মুম্বাইয়ের দুই গুরুত্বপূর্ণ উত্সবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে প্রশংসা। সিনেমাটির প্রযোজনা সংস্থা জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর ঘরে বসেই চরকিতে দর্শক প্রতীক্ষিত এই ওয়েব ফিল্মটি দেখতে পারবেন। ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি প্রজেক্টে ১২টি সিনেমার একটি ফারুকী’র ‘অটোবায়োগ্রাফি’। সিনেমায় ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন প্রমুখ।