গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে মহানগরীর বাসন থানার ভোগড়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম এরশাদ আলী। তিনি চট্টগামের পাহাড়তলী থানার সরাইপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে এরশাদ নগরীর চান্দনা বসির সড়কের একটি বাড়িতে ভাড়া থাকতেন। 

বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, ছিনতাই ও মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে ঐ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এরশাদ একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে হত্যা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে পাঁচটি মামলা রয়েছে।

নিহতের স্ত্রী মোছা. শিলা বেগম জানান, তার স্বামী সোমবার বিকাল ৫টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। গভীর রাত পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়েন। পরে রাত ২টার দিকে খবর পান তার স্বামীকে হত্যার পর ভোগড়া উত্তরপাড়া এলাকার পরিত্যক্ত জমিতে  ফেলে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ও ছিনতাই সংক্রান্ত ঘটনায় এরশাদের সঙ্গে কতিপয় যুবকের দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্ব মীমাংসার জন্য সোমবার সন্ধ্যায় তিনি বাসা থেকে ছোট ভাই সাজ্জাদ হোসেনের স্ত্রীর বড় ভাই ফজলে রাব্বির ইটাহাটা কলেজপাড়া এলাকার বাসায় যান। মীমাংসা শেষে তিনি রাত ১০টার দিকে বের হন। রাত দুইটার দিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাকে বাসন উত্তর পাড়ার একটি ডোবার কাছে কুপিয়ে হত্যা করে চলে যায়। খবর পেয়ে পুলিশ গতকাল ভোরের দিকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা শাহিনা আক্তার অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে বাসন থানায় মামলা দায়ের করেছেন।