মা-মেয়েকে ধর্ষণের দায়ে হবিগঞ্জে দুই জনের যাবজ্জীবন

মা ও মেয়েকে ধর্ষণের দায়ে হবিগঞ্জে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাহিদুল হক এই মামলার রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন, শাকিল (২৫) ও সালাউদ্দিন (২৫)। অপর আসামি হারুন (১৭) শিশু হওয়ায় তার মামলাটি শিশু আদালতে বিচারাধীন রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০২০ সালের ২ অক্টোবর রাতে আসামিরা চুনারুঘাট উপজেলার বাসিন্দা মা ও মেয়েকে তাদের ঘরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটি বাদী হয়ে ৪ অক্টোবর চুনারুঘাট থানায় শাকিল, সালাউদ্দিন ও হারুনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে বিচারক সালাউদ্দিন ও শাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন। অপরদিকে আসামি হারুন শিশু হওয়ায় তার বিরুদ্ধে মামলাটি শিশু আদালতে বিচারাধীন রয়েছে। রায় ঘোষণার সময় আসামি সালাউদ্দিন পলাতক ছিল।

ঐ আদালতের পেশকার মো. জিয়াউল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।