জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী সহিংসতা রুখে দিতে দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে নির্বাচনে সব ভোটারকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানান।
বুধবার (২২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন। আগামী নির্বাচনে প্রস্তুতি উপলক্ষে এই সভার আয়োজন করে জাতীয় যুব সংহতি।
কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি এনামুল ইসলাম রুবেল বলেন, সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের বিকল্প নেই। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্রের যাত্রাই হয় না। গণতন্ত্রের মূল হচ্ছে রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ। জনগণ রাষ্ট্র পরিচালনায় যুক্ত হন তাঁদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। নির্বাচনের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন এবং দেশের ভোটাররাই এখানে মুখ্য ভূমিকা পালন করেন। নির্বাচনী সহিংসতা রুখে দিতেও দেশের যুব সমাজকে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে সংসদ সদস্য পদে জাতীয় পার্টি-জেপি’র মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল। সোমবার জেপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির মহাসচিব শেখ শহীদুল ইসলামের কাছ থেকে তিনি এই মনোনয়ন ফরম নেন। অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল তার নির্বাচনী এলাকা কাঠালিয়া-রাজাপুরে ব্যাপক জনসংযোগ চালিয়ে আসছেন।