নাশকতার মামলায় বিএনপির ১১ নেতা-কর্মীর সাজা

নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য এসএম জাহাঙ্গীরসহ ১১ নেতা-কর্মীকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়। 

বুধবার (২২ নভেম্বর) ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১০ এর বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন-উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফখরুল, সালাম ও নাইম। এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৩৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের নভেম্বর মাসে উত্তরা পূর্ব থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করে পুলিশ।