শিবচরে আওয়ামী লীগের একক প্রার্থী লিটন, মাদারীপুর ও কালকিনিতে একাধিক

৭ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে মাদারীপুর ১-২-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনোনয়ন ফরম কিনেছেন বলে নিশ্চিত করেছেন নেতারা। বঙ্গবন্ধু এভিনিওয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা। 

মাদারীপুর-১ (শিবচর) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। মাদারীপুর-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চারজন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য শাজাহান খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

মাদারীপুর-৩ আসনে সবচেয়ে বেশি ছয়জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ, সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ভাই সৈয়দ আবুল হাসান, বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মোনাব্বার হোসেন (মোনায়েম)।

জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়ে তাঁরা মাদারীপুর-১ (শিবচর) আসনে নূর-ই-আলম চৌধুরী ও মাদারীপুর-২ ও ৩ আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম এককভাবে রেজল্যুশন করে প্রস্তাব করেছেন। এখানে অন্য যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে করেছেন। তৃণমূলের সিদ্ধান্তের বাইরে কেউ মনোনয়ন পেলে রাজনীতির মেরুকরণে পরিবর্তন হতে পারে। বিদ্রোহী প্রার্থী হতে পারে। এমনকি দলে বিশৃঙ্খলাও সৃষ্টি হবে বলে তিনি মনে করেন।

এ বিষয়ে শাজাহান খানের মুখপাত্র ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত সেলিম  বলেন, মাদারীপুর-২ আসনে শাজাহান খানই দলীয় মনোনয়ন পাবেন, এটা আমরা নিশ্চিত। গতকাল রাতে আমাদের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়ে গেছে। 

জেলা আওয়ামী লীগের বাহাউদ্দিন নাছিমের নাম প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, জেলা আওয়ামী লীগ এখন বিতর্কিত হয়ে গেছে। তারা যা–ই করুক, সেটা নেত্রী (শেখ হাসিনা) জানেন। তাই আমরা মনোনয়ন নিয়ে একদম বিচলিত নই।

এদিকে গোলাপের আসনেও নাছিম দশম জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাহাউদ্দিন নাছিম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে মনোনয়ন পান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ। তিনি ওই আসনের বর্তমান সংসদ সদস্য।

কালকিনি পৌর মেয়র ও কালকিনি কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এসএম হানিফ বলেন আমাদের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তাই কালকিনি-৩ আসনে আবদুস সোবহান গোলাপই দলীয় মনোনয়ন পাবেন, এটা আমরা নিশ্চিত।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-২ (রাজৈর-সদর একাংশ) আসনে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। ওই আসনে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। একই সঙ্গে মাদারীপুর-৩ (কালকিনি-সদর একাংশ) আসনের জন্যও নাছিমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নেতা-কর্মীরা। এ নিয়ে দলে উত্তেজনা দেখা দিয়েছে।