পিছিয়ে থাকা দেশের নারী উদ্যোক্তাদের অর্থায়ন সুবিধা সম্প্রসারণে অরেঞ্জ বন্ড আনতে চায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে নারী উদ্যোক্তা, সরকারি-বেসরকারি খাত, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন অংশীদার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশীজনদের নিয়ে গত মঙ্গলবার এক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্যে বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম নারীদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে লিঙ্গসমতা আনয়নে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে অরেঞ্জ বন্ড বিশেষ ভূমিকা রাখতে পারে বলে তিনি মন্তব্য করেন।
বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বৈশ্বিক প্রেক্ষাপটে অরেঞ্জ বন্ড নিয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন এবং এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। অরেঞ্জ বন্ডের মাধ্যমে অর্থায়ন থেকে যেন নারীরা সহজেই সুবিধা পেতে পারে, সেদিকে বিশেষ খেয়াল রাখার কথা বলেন তিনি। বৈঠকে অন্যদের মধ্যে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট শমী কায়সার, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ব্যারিস্টার নিহাদ কবির, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক, আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।