সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ’র পক্ষ থেকে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ এ সংবর্ধনার আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
সেনাপ্রধান এ অনুষ্ঠানে উপস্থিত ৭৫ জন খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।
এছাড়া জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থবছরে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ বিভিন্ন কাজের স্বীকৃতিস্বরূপ মোট ১৬ জন সেনাসদস্যকে অসামান্য সেবা পদক ও সেবা পদক (ব্যাচ) পরিয়ে দেন। এদের মধ্যে অসামান্য সেবা পদকপ্রাপ্ত ৭ জন সেনাসদস্য এবং অন্য ৯ জন হচ্ছেন বিশিষ্ট সেবা পদকপ্রাপ্ত সেনাসদস্য।
আইএসপিআর জানায়, সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাবাহিনী সদর দপ্তর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।