‘প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেবেন তার সমর্থনে নৌকাকে জয়ী করে আনবো’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী উম্মে জান্নাতুল ফেরদৌস (শাপলা) মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিন, তার সমর্থনে নৌকাকে জয়ী করে আনবো এবং উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ নির্বাচন উপহার দেব ইনশাআল্লাহ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনাকে আবারও দরকার। বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে, জনমত গড়ে তুলতে হবে এবং তা মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি মনোনয়ন দেন আমি আমার এলাকায় যুব সমাজকে শতভাগ মাদকমুক্ত, চুরি, ছিনতাইমুক্ত সমাজ উপহার দিবো ইনশাল্লাহ। আমার এলাকা হবে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত। 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একযোগে আবার ও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

তিনি নব্ব‌ইয়ের গণতন্ত্র পুনরুদ্ধারে, সর্বদলীয় ছাত্র ঐক্যের তুখোড় ও পরিশ্রমী গাইবান্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত আহবায়ক ও জেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।