কাতার বিশ্বকাপ শেষে জাতীয় দল থেকে বিদায় নেওয়ার কথা ছিল আর্জেন্টিনার স্ট্রাইকার আনহেল ডি মারিয়ার। তবে সতীর্থ ও টিম ম্যানেজমেন্টের অনুরোধে তখন অবসরে যাননি বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তবে আসন্ন কোপা আমেরিকা শেষে জাতীয় দল থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।
২০২৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে পরবর্তী কোপা আমেরিকার আসর। এই আসরই শেষ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ডি মারিয়া লিখেছেন, 'কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যেটি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি।'
তিনি আরও লিখেছেন, 'সমর্থক, পরিবার ও সতীর্থদের ধন্যবাদ। আমরা ইতিহাস লিখতে থাকব, যা থাকবে অনন্তকাল। বাছাইপর্বে আমার শেষ ম্যাচ খেলে ফেললাম। সতীর্থ, বন্ধুদের ভালোবাসা প্রতিটি মুহূর্তে উপভোগ করেছি, তাদের ছাড়া গল্পটা এমন হতো না। তাদের ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে।'