ফকিন্নি নদীর তীরে পড়েছিল উত্তম কুমারের লাশ

নওগাঁয় ফকিন্নি নদীর তীর থেকে উত্তম কুমার (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 

উত্তম কুমার জেলার আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের অজিত কুমারের ছেলে। তিনি তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। 

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকালে জমির সবজি বিক্রি করতে ফতেপুর বাজার গিয়ে আর বাড়ি ফেরেনি উত্তম কুমার। পরে সকালে তার লাশ উদ্ধারের খবর পায় পরিবারের সদস্যরা।  

এলাকাবাসীরা জানান, উত্তম কুমার হতদরিদ্র মানুষ হওয়ায় তার কোন শত্রু নেই। আবার আত্মহত্যা করার মতো কোনো ঘটনাও তার সঙ্গে ঘটেনি। তবে কেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে—তা তদন্ত করে বের করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।

বাগমারার গাঙ্গোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, লাশটি নদীর বাগমারা এলাকায় পড়েছিল। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।