‘জাপার মনোনয়ন ফরম চেয়েছেন রওশন, কিন্তু সংগ্রহ করেননি’

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ দলের তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন। তবে আজ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এই ফরমগুলো সংগ্রহ করেননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক (চুন্নু)।

একটি নিজের জন্য, বাকি দুটি তার ছেলে রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ) ও ময়মনসিংহের দলের নেতা কে আর ইসলামের জন্য জন্য মনোনয়ন ফরম চেয়েছেন রওশন।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষকের রাজনৈতিক সচিব গোলাম মসিহ জানিয়েছেন, রওশন এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন। দু-এক দিনের মধ্যে এই সাক্ষাৎ হতে পারে।  

এদিকে আজ দ্বিতীয় দিনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। আজ সাক্ষাৎকার নেওয়া হয় খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের। সাক্ষাৎকার নেওয়ার মাঝামাঝি সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মুজিবুল হক।

মুজিবুল হক বলেন, ‘দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ গতকাল আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। তিনি তার নিজের জন্য, পুত্র সাদ এরশাদ এবং কে আর ইসলামের জন্য তিনটি মনোনয়ন ফরম চেয়েছেন। তবে সংগ্রহ করেননি।’