'গণতন্ত্রের নামে গণবিরোধী কর্মকাণ্ড রুখে দিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৈনিক বজ্রশক্তি পত্রিকার ১১ বছরে পদার্পণ উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহিরুল হক চৌধুরী হলে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক বজ্রশক্তির সম্পাদক এসএম সামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজের) সাবেক সভাপতি সাংবাদিক নেতা আবু জাফর সূর্য। প্রধান আলোচক ছিলেন হেযবুত তওহীদের চেয়ারম্যান এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধান আলোচক এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন- বহু ঝড়-ঝাপ্টা, চড়াই উৎড়াই পেরিয়ে হাঁটি হাঁটি পা পা করে ১১ বছরে পদার্পণ করল দৈনিক বজ্রশক্তি। কোনো প্রতিবন্ধকতাই বজ্রশক্তির অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরকে এতটুকু ক্ষীণ করতে সক্ষম হয়নি বলেন হোসাইন মোহাম্মদ সেলিম।
তিনি বলেন, পত্রিকা প্রকাশ কেউ লাভের জন্য করে না, ইতিহাস তাই বলে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় গণমাধ্যমের ভূমিকা ছিল অসামান্য। এরপর পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যায়, জুলুম, নির্যাতন, বঞ্চনা, ধর্মান্ধতার বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সংগ্রামের শক্তি জুগিয়েছে সে সময়ের পত্রিকাগুলো।
হেযবুত তওহীদের এই নেতা বলেন, কোন ধরনের অপশক্তির কাছে মাথা নত না করে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে, অসত্য-দুর্নীতির বিরুদ্ধে, ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তবেই কলমযোদ্ধা নাম স্বার্থক হবে বলে মন্তব্য করেন তিনি।
মানুষের তৈরি জীবনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, বাসে আগুন দিয়ে নিরপরাধ নিরীহ মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। পিটিয়ে পুলিশ হত্যা করা হচ্ছে। ক্ষমতায় যাবার লড়াইয়ে হরতাল, অবরোধ, ধর্মঘটের নামে নৃশংসতা মানুষ দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে।
প্রধান অতিথি আবু জাফর সূর্য তার মূল্যবান বক্তব্যে বলেন, গণমাধ্যমকে স্বাধীনভাবে চলতে না দিলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা হবে না। তাই গণমাধ্যমের উপর সরকারসহ সবার আস্থা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য আশরাফুল ইসলাম, ভাষা ও সাহিত্য কল্যাণ পরিষদের সভাপতি রাজিয়া রহমান পিংকি, শীপ ইন্টারন্যাশনাল হসপিটালের পরিচালক ফুতশি কুন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন পরিবার কল্যাণ সমিতির পরিচালক রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, মিডিয়া জার্নালিস্ট ফোরামের সভাপতি বাদল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দেশের পত্রের সম্পাদক রূফায়দাহ পন্নী, হেযবুত তওহীদের সাহিত্য সম্পাদক কবি রিয়াদুল হাসান, দৈনিক বজ্রশক্তির সিনিয়র সাব এডিটর ডা. মাহাবুব আলম মাহাফুজ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) আলী আশরাফ আখন্দ প্রমুখ।
সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের জন্য সম্মাননা স্মারক দেওয়া হয় ঝিনাইদহ টিভির চেয়ারম্যান রিজভী ইয়ামিন, বাংলাদেশ জার্নালিস্ট ফোরামের সভাপতি শাহেদ আহম্মেদ, ঝিনাইদহের মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিএম শামীম, দৈনিক দেশের পত্রের নিজস্ব প্রতিনিধি কামরান হাসান, সাপ্তাহিক সারসা বার্তার সহকারী সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখকে।