শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা শিক্ষার্থী গ্রেপ্তার

ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ইয়াসিন আরাফাত (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাতে মিরপুর মডেল থানার আহম্মেদনগর পাইকপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াসিন স্থানীয় একটি মাদ্রাসার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি তিনি ওয়েল্ডিংয়ের কাজও করেন।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী তার বাবার সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে। সেখানে দুপুরে বাসার নিচে খেলতে যায়। ওই সময় নিচেই ছিল ইয়াসিন। ইয়াসিন টাকা দেওয়ার লোভ দেখিয়ে নিজ বাসার শয়নকক্ষে নিয়ে যান ওই শিশুকে। এরপর তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুর নানি তাকে খোঁজাখুঁজি করতে করতে ইয়াসিনের বাসায় চলে যান। ইয়াসিনকে ওই অবস্থায় দেখে আশপাশের লোককে সংবাদ দেন।

পুলিশ আরও জানিয়েছে, পরবর্তীতে ৯৯৯-এ অভিযোগ করলে মিরপুর মডেল থানার একটি দল শিশুটিকে উদ্ধার করে এবং ইয়াসিনকে গ্রেপ্তার করে।