পাপনের বাসায় কী হলো, বিকালে জানাবেন তামিম 

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে আজ (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই পাপনের বাসভবন ত্যাগ করেন তামিম। তবে বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা নিয়ে বিকাল ৫টায় গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন দেশসেরা এই ওপেনার।

বৈঠকের জন্য দুপুর বারোটার দিকে পাপনের গুলশানের বাসভবনে এসেছিলেন তামিম। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বেলা ১টা ৪৫ মিনিটে বেড়িয়ে আসেন তামিম। এই সময় তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন সাংবাদিকরা। তবে কথা না বলেই গাড়ি নিয়ে বেড়িয়ে যান তামিম। 

তামিম কথা না বললেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। তামিমের মাঠে ফেরা প্রসঙ্গে বিসিবি প্রধান বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’