পেশাগত দক্ষতা বৃদ্ধি ও বাল্যবিয়ে রোধে করণীয়বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুর জেলার সনদপ্রাপ্ত মুসলিম ও হিন্দুবিবাহ নিবন্ধকগণের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও বাল্য বিবাহ নিরোধে করণীয়বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২৮ নভেম্বর) মাদারীপুরস্থ সার্বিক ফুড ভিলেজ ও পার্টি সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

মাদারীপুর জেলা রেজিস্ট্রার মুনিরুল হাসান এর সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমে সমাপনী অংশে রিসোর্স পার্সন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ নীরব। 

প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার মো. সোহরাব হোসেন সরকার, রাজৈর সাব-রেজিস্ট্রার মো. মিজানুর রহমান, কালকিনি সাব-রেজিস্ট্রার খন্দকার আহসানুল হক। প্রশিক্ষণে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন ও বিধিমালা, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালা, হিন্দু বিবাহ নিবন্ধন আইন ও বিধিমালার ওপর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রায় ৭০ জন মুসলিম ও হিন্দু বিবাহ নিবন্ধক প্রশিক্ষণ গ্রহণ করেন।