হো চি মিনের ঘটনায় তিনদিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যালে ট্রান্সজেন্ডার অধিকারকর্মী হো চি মিন ইসলাম বক্তব্য দিতে না পারার ঘটনার ব্যাখ্যা চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তিনদিনের মধ্যে ব্যাখ্যা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সময় বেঁধে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। এর আগে গত রোববার ইউজিসি এ ঘটনার ব্যাখ্যা চেয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠায়।

ইউজিসি সূত্রে জানা যায়, গত শুক্রবার আই সোশ্যাল আয়োজিত উইমেন্স ক্যারিয়ার কার্নিভ্যাল অনুষ্ঠানে অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সেবিকা হো চি মিন ইসলাম। তবে অনুষ্ঠানস্থল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হো চি মিনের সেশনটি বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানান হো চি মিন। এর পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে। 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হো চি মিন ইসলাম বলেন, ‘বিভিন্ন সময় আমি উগ্র গোষ্ঠীর আক্রমণের শিকার হয়েছি। তবে একটি বিশ্ববিদ্যালয় থেকে এমন ঘটনা এবারই প্রথম ঘটল। বিষয়টি খুবই দুঃখজনক।’

এদিকে হো চি মিন ইসলামের বক্তব্য দিতে না পারার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বলছে, শিক্ষার মান ধরে রাখার পাশাপাশি সবার জন্য একটি সম্মানজনক পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষ সচেষ্ট। তবে উইমেনস ক্যারিয়ার কার্নিভ্যালের ঘটনায় এই লক্ষ্য অর্জন এখন চ্যালেঞ্জের মুখে। এ ঘটনাকে দুঃখজনক বলে বিবেচনায় নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এ ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদও। সংগঠনটি মনে করে, আমন্ত্রণ জানিয়েও বক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়ায় তার গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।