দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেন কমে ২০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। যা গত আট মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এদিন লেনদেন কমার পাশাপাশি মূল্যসূচকও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এই চিত্র।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ডিএসই ব্রডইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৬.৬৩ পয়েন্ট কমে ৬২০২.৮১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএস-৩০ মূল্যসূচক ১.৯৯ পয়েন্ট কমে ২০৯৯.৩৯ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক (ডিএসইএস) ০.৭২ পয়েন্ট কমে ১৩৪৬.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এই বাজারে মাত্র ২৯৭ কোটি ২০ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগে গত ২৮ মার্চ ডিএসইতে ২৭২ কোটি ৫ লাখ টাকা লেনদেন হয়। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ৭৬টির। আর অপরিবর্তিত রয়েছে ১৭৪টি কোম্পানির শেয়ারদর।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ৯৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ১৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। কোম্পানিটির ১৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: জেমিনি সি ফুড, প্যাসেফিক ডেনিমস, ফু-ওয়াং সিরামিক, ইয়াকিন পলিমার, বিডি থাই অ্যালুমিনিয়াম, এমারেল্ড অয়েল এবং ডমিনেজ স্টিল বিল্ডিং।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৬ পয়েন্ট। এদিন এই বাজারে ৪ কোটি ৬৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫ কোটি ৩৮ লাখ টাকা। গতকাল সিএসইতে লেনদেনকৃত মোট ১৪৯টি কোম্পানিটির শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ৫৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির দর।