স্পেনের দক্ষিণ উপকূল থেকে চার অভিবাসীর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা চারজনই মরক্কোর নাগরিক। বুধবার স্প্যানিশ পুলিশ তাদের লাশ উদ্ধার করে। খবর এএফপির।
মরক্কোর ৩২ অভিবাসী নিয়ে স্পেনের ক্যাডিজ শহর অভিমুখে যাত্রা করা একটি জাহাজের কাছে নিহত ওই ৪ জনের লাশ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্পেন পুলিশ।
ইউরোপে প্রবেশের জন্য বেশিরভাগ মরোক্ক অভিবাসীসহ বিভিন্ন দেশের অভিবাসীরাও স্পেনের নৌপথ দিয়ে যাতায়াত করে। বিশেষত, পশ্চিম ভূমধ্য সাগরের মধ্য দিয়ে ইউরোপে প্রবেশের জন্য মরক্কো ও আলজেরিয়া থেকে নৌকা ছেড়ে যায়।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বরের ভেতর স্পেনের বালিয়ালিক দ্বীপপুঞ্জে ১৩ হাজারের বেশি অভিবাসী এসেছে। যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ বেশি।