প্রধানমন্ত্রীর কাছে ফুলকুমারী চাকমার উন্নত চিকিৎসার আবেদন

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ১৮ মার্চ নির্বাচনী সংহিসতায় বুলেটবিদ্ধ হয়েছিলেন বটলিং সরকারী প্রাঃ বিদ্যাঃ সহকারী শিক্ষিকা ফুলকুমারী চাকমা। তারপর থেকে তিনি হুইল চেয়ারে চলাফেরা করছেন। বর্তমানে তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

আগামী কিছুদিনের মধ্যে তাকে উন্নত চিকিৎসা দেওয়া না হলে সম্পূর্ণ পঙ্গুত্ব বরণ করবেন এমনটাই মনে করছেন চিকিৎসকরা। তাই বুলেটবিদ্ধ শিক্ষিকা ফুলকুমারী চাকমা প্রধানমন্ত্রীর কাছে তার জীবন বাঁচাতে সহযোগিতা চেয়েছেন। 

ফুলকুমারীর স্বামী হেমন্ত চাকমা জানান, নির্বাচনী সহিংস ঘটনায় ফুলকুমারীর মেরুদণ্ডে গুলি বিদ্ধ হয়। তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। যার উন্নত কোন চিকিৎসা বাংলাদেশে নেই। তার পরিবারে অবুঝ দুই সন্তান মা ছাড়া হয়ে দিকবিদিক হয়ে মাকে খুঁজে কান্না করে প্রতিনিয়ত।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিকিৎসার জন্য দেওয়া চার লাখ টাকা খরচ হয়ে গেছে। হেমন্ত চাকমা আরও বলেন, আমার সহধর্মীনীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএসে কমর্তব্যরত চিকিৎসক বলেছেন বিদেশ নিয়ে যেতে। যার ব্যয়ভার বহন করা আমার একার পক্ষে সম্ভব নয়।

হেমন্ত চাকমা বলেন, এখন প্রধানমন্ত্রীই আমার ভরসা। যদি মমতাময়ী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ করেন, আমাদের দিকে যদি একটি সহযোগিতার হাত বাড়ান, তাহলে আমার অবুঝ সন্তানরা তাদের মাকে ফিরে পাবে। আর যদি প্রধানমন্ত্রী ফিরে না তাকান আমার অবুঝ সন্তানদের মা ফুলকুমারীকে এনে দেওয়া সম্ভব হবে না। আমার অবুঝ সন্তানেরা যাতে মা হারা নয় হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে ফুলকুমারীর বর্তমান শারীরিক অবস্থা জানতে চাইলে হেমন্ত চাকমা বলেন, বর্তমানে তিনি ফুলকুমারী চাকমাকে ঢাকা সিএমএইচ থেকে সাভারের সিআরপি প্রাইভেট ক্লিনিকে স্থানান্তর করেছেন। বর্তমানে সাভার সিআরপি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন ফুলকামারী চাকমা।

সেখানে ভর্তি ফি ৩০ হাজার টাকা ও ১০০ দিনের চিকিৎসা ব্যয় ১ লাখ পঞ্চাশ হাজার টাকা ধার্যপূর্বক চিকিৎসা চলছে। বর্তমান চিকিৎসায় ফুলকুমারীর স্বাস্থ্যর ১০ ভাগ উন্নিত হয়েছে বলে শনিবার সন্ধ্যা ৭ টায় ফোনে জানান তিনি। তবে কোমরে বেল্ট না লাগালে তাকে সোয়া থেকে বসানো সম্ভব হয় না। এখন কোমরে বেল্ট পরে হুইল চেয়ারে বসিয়ে কিছু সময় বাইরের আলো বাতাস দেখায়।

উল্লেখ্য, গত ১৮ মার্চ /২০১৯ বাঘাইছড়ি উপজেলা নির্বাচন শেষে সাজেক কংলাক, মাচালং ও বাঘাইহাট ভোট  কেন্দ্রের ভোট গ্রহণ শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে উপজেলা সদর বাঘাইছড়িতে ৩টি জিপ গাড়িযোগে ফিরছিলেন। পথে সরকারি দায়িত্ব পালনকারী কর্মকর্তার গাড়িবহরে পাহাড়ের আঞ্চলিক দলের কিছু সন্ত্রাসী ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলে ৮ জন নিহত ও ৩২ জন আহত হন। 

এ ঘটনায় আহত সকলে চিকিৎসা শেষে বাড়ি ফিরে স্ব স্ব কর্মস্থলে যোগদান করলেও নিজ কর্মস্থলে বা বাড়ি ফেরা হয়নি ফুলকুমারী চাকমার। আহত ফুলকুমারী চাকমা দীর্ঘসময় ঢাকা সামরিক হাসপাতাল (সিএমএইচ) চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি। 

সিএমএইচ ঢাকা সামরিক হাসপাতালের চিকিৎসক ফুলকুমারীর পরিবারকে জানিয়েছেন তার মেরুদন্ডের উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যেতে হবে।

আরও পড়ুন: বকশীগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার, দুই ধর্ষকের সাজা

দরিদ্র শিক্ষিকার পরিবারের এমন দুরুহ অবস্থার কথা চিন্তা করে বাঘাইছড়ির সকল প্রাথামিক বিদ্যালয়ের শিক্ষকগণ গত ১ মে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসুচী পালন করেন। তারা মানববন্ধন শেষে ফুলকুমারীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী বরাবর সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বারকলিপি প্রদান করেন।

ইত্তেফাক/নূহু