মায়া চৌধুরীর ছেলে দিপু চৌধুরী আর নেই

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। 

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়েছে। গত রবিবার ব্রেইন স্ট্রোক করেন দিপু। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েক দিন ধরে ঐ হাসপাতালের আইসিইউতে ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

সাজেদুল হোসেন চৌধুরী দীপু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। এর আগে ছাত্রলীগ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদে ছিলেন।

দীপু চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসন থেকে এবার বাবার সঙ্গে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু। তবে এবারও তার বাবা মায়া চৌধুরীকে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।