সাভারের হেমায়েতপুর আলমনগরে অবস্থিত টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের একাদশ কনভেনশন উপলক্ষে শুক্রবার (১ ডিসেম্বর) ২০২৩-২০২৫ মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক নির্বাচনে প্রেসিডেন্ট পদে জয় লাভ করেন ড. বোরহান বুলবুল, সেক্রেটারি জেনারেল পদে অ্যাডভোকেট মো. অলি আহাদ এবং ট্রেজারার পদে মোহাম্মদ মাসুদ।
এ ছাড়াও ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে নির্বাচিত হয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে জিয়াউল হক সাগর, ভাইস প্রেসিডেন্ট পদে নাজির মোহাম্মদ, জয়েন সেক্রেটারি পদে সালেকুল ইসলাম, অ্যাসিসটেন্ট সেক্রেটারি পদে মো. সফিকুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি পদে সাবিনা ইয়াসমিন, দপ্তর সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদসহ অনেকে।
নির্বাচন পরিচালনা করেন টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রাণ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম জিতু, কনভেনশন চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম সিকদার, কনভেনশন সেক্রেটারি লায়ন আক্কাস আলী।
একাদশ কনভেনশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন একেএম রেজাউল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন একটি সামাজিক প্রতিষ্ঠান। বিবিধ কর্মকাণ্ডে টাইগার্স ক্লাব এগিয়ে যাচ্ছে।
একদশ কনভেনশনের উদ্বোধক ও প্রাণ-প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম জিতু বলেন, ‘বন্ধুত্ব’, ‘সেবা’, ‘আনন্দ’ ও ‘নেতৃত্ব’—এই মূলমন্ত্র নিয়ে ২০০৩ সাল থেকে সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পথচলা শুরু করে টাইগার্স ক্লাব। ক্লাব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশ ও দেশের বাহিরে প্রশংসা পাচ্ছে, যা আমাকে অভিভূত করছে। আমি বিশ্বাস রাখি ক্লাবের নেতারা তাদের যুগোপযোগী কার্যক্রমের মাধ্যমে ক্লাবকে সর্বত্র ছড়িয়ে দিবে।
এ সময় আহ্বায়ক কমিটির প্রধান উপদেষ্টা জাকির হোসেন ও আহ্বায়ক আবদুল মান্নান আকাশ বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মাসুদ ও সদস্য সাবিনা ইয়াসমিন।