রৌমারীতে পচা মাংস বিক্রির দায়ে বিক্রেতার ১ মাসের জেল

কুড়িগ্রামের রৌমারীতে গরুর পচা মাংস ও মাংসে পুরাতন রক্ত মেখে বিক্রি করার দায়ে শফিকুল ইসলাম (২৯) নামের এক মাংস বিক্রেতাকে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা শহরের (শাপলা চত্বর) ভোলা মোড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান খান। 

অভিযুক্ত শফিকুল ইসলাম (২৯) উপজেলার সদর ইউনিয়নের নটানপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, গতকালের (রোববার) জবাই করা গরুর মাংস ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া মাংসে পুরাতন রক্ত ব্যবহার হয়েছে। সোমবার সকালে খবর পেয়ে তাৎক্ষণিক বিক্রেতা মাংসের দোকানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে শফিকুল ইসলাম নামের এক মাংস বিক্রেতাকে এক মাসের জেল দেওয়া হয়েছে। অপরদিকে উপজেলার বড়াইকান্দি নামক বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে রফিকুল ইসলাম নামের এক মাংস বিক্রেতার দোকান সিলগালা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, রৌমারী থানার উপ-সহকারী পরিদর্শক ফাইসাল হোসেন।