জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় কর্মীকে শাস্তি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেন।
শাস্তিপ্রাপ্তরা হলেন আমিনুর রহমান সুমন, তাওসিফ সারার তুনান, হৃদয় রায়, নাঈম হোসেন, ইমতিয়াজ হোসাইন জিদান ও আব্দুল্লাহ আল আদনান। তাদের মধ্যে আব্দুল্লাহ আল আদনান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং অন্যরা সক্রিয় কর্মী। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী হিসেবে পরিচিত।
ওই সিন্ডিকেট সদস্য বলেন, ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছয়জনকে শাস্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে স্থগিত বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। স্থগিত বহিষ্কারাদেশের অধীনে তারা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে পরবর্তীতে ক্যাম্পাসে কোনো অপরাধে তারা জড়িত হলে তাৎক্ষণিক বহিষ্কারাদেশ কার্যকর হবে। বাকিদের জরিমানা ও সতর্ক করা হয়েছে।
গত ২১ আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অতিথি কক্ষে ছাত্রলীগের চলমান গেস্টরুমের ভিডিও ধারণ করার সন্দেহে ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ আল মামুনকে মারধরের অভিযোগ উঠে শাস্তিপ্রাপ্তদের বিরুদ্ধে।