সাতক্ষীরায় ভ্যানচালক শাহীনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্র ভ্যানচালক শাহীনের উপর বর্বর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যাণার্জি, বাসদ নেতা অ্যাড. আজাদ হোসেন বেলাল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, নাগরিক কমিটির সদস্য অ্যাড. এ.বি.এম সেলিম, অ্যাড. আল মাহমুদ পলাশ, ভুমিহীন নেতা আলানী খান বাবুল, উন্নয়ন কর্মী ফরিদা আক্তার বিউটি, মাধব চন্দ্র দত্ত প্রমুখ।

আরও পড়ুন: টেক্সাসে বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত

মানববন্ধনে বক্তারা বলেন, যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে ভ্যানচালক শাহীন গত শুক্রবার কয়েকজন যাত্রীকে নিয়ে সাতক্ষীরার পাটকেলঘাটায় আসার পথে ধানদিয়া গ্রামের একটি পাটক্ষেতের পাশে যাত্রীবেশী ওই দুর্বৃত্তরা তার মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। বর্তমানে মুমূর্ষ অবস্থায় সে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। শাহীনের উপর হামলার তিনদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি।

এ সময় বক্তারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তারা শাহীনের উপর এই বর্বর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচারের জোর দাবি জানান।

ইত্তেফাক/এমআরএম