ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন 

হেলিকপ্টারে এসে সভা করায় বিএনএম প্রার্থীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আচরণবিধি লঙ্ঘন করে হেলিকপ্টারে চড়ে নির্বাচনী এলাকায় এসে সভা করায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী জামাল রানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। 

বিএনএম প্রার্থী জামাল রানা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে প্রার্থী হয়েছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, জামাল রানা আজ বুধবার বিকালে হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা গ্রামের মিতালী ফুটবল খেলার মাঠে নামেন। এ সময় তার কর্মী-সমর্থকরা জড়ো হয়ে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। পরে তিনি কোড্ডা রেললাইন এলাকায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কোড্ডা এলাকায় স্থানীয়দের সঙ্গে সভা করেন।  

জামাল রানা সদর উপজেলার কোড্ডা গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। পরে দল বদল করে বিএনএম থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন। 

জানা গেছে, নির্বাচনী আচরণবিধির ৮ (গ) ধারায় যানবহান ব্যবহার সংক্রান্ত বাধা-নিষেধে বলা হয়েছে, নির্বাচনী প্রচারকাজে হেলিকপ্টার বা অন্য কোন আকাশযান ব্যবহার করা যাবে না। 

এ ব্যাপারে বিএনএমের প্রার্থী জামাল রানা বলেন, ‌‘আমার ভাই আলমগীর গত মঙ্গলবার ইতালি থেকে দেশে আসে। তাকে নিয়ে হেলিকপ্টারে এলাকায় আসি। আমার ভাই হেলিকপ্টার ভাড়া করেছে।’   

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখ বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ওই প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিন আর আচরণবিধি লঙ্ঘন করবেন না বলে অঙ্গীকারনামা দিয়েছেন।’