বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে প্রতারণা এবং বিকাশ প্রতারণার সঙ্গে জড়িত অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গতকাল বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম বলেন, গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিমের নাম ও ছবি ব্যবহার করে এক ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি তৈরি করে আউট সোর্সিংয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। এ পরিপ্রেক্ষিতে জিএমপি সাইবার টিমের চৌকশ সদস্যরা মঙ্গলবার জামালপুর জেলার সরিষাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ফেসবুক একাউন্ট ব্যবহারকারী ব্যক্তিকে গ্রেফতার করে। তার নাম মো. লিটন মিয়া। তিনি জামালপুরের সরিষাবাড়ী থানার বাঘমারা এলাকার আলহাজ মিয়ার ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপরদিকে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার এবং ৪৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-শেরপুরের শ্রীবরদী থানার তাতীহাটি পূর্বপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে আকিল হাসান ও গাজীপুরের কালিয়াকৈর থানার গোবিন্দপুর গ্রামের দধীমন্ডলের ছেলে শফিকুল ইসলাম।
জিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মুহাম্মদ কামাল হোসেন বলেন, একটি বিকাশ ও নগদ একাউন্টসহ মোবাইল ফোন এবং ৫০ হাজার টাকা চুরির মামলা তদন্ত করতে গিয়ে গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব ও কালিয়াকৈর থানা এলাকা থেকে মঙ্গলবার প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।