ধামরাইয়ে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ওপর সেলফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস উঠে যাওয়ার ঘটনায় ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকের এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন।

সেই সঙ্গে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা এলাকাস্থিত বাসস্ট্যান্ডে ঘটে যাওয়া এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।

ঘটনা ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা বাসটি জব্দ করে রেখেছে। তবে চালককে আটকে রাখা সম্ভব হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সেলফি পরিবহন নামে যাত্রীবাহী বাস বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের উঠিয়ে দেয়। এ ঘটনায় বাসটি জব্দ করে রাখে স্থানীয়রা। ছবি: ইত্তেফাক

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, ধামরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কর্মস্থলে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন যাত্রীরা। এ সময় মহাসড়ক দিয়ে দ্রুতগামী সেলফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা এসব যাত্রীর ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে কর্মরত রুবেল পারভেজের মৃত্যু হয়। মানিকগঞ্জ জেলার ঝিটকা শাখায় কর্মরত ছিলেন তিনি। নিহত ব্যাংক কর্মকর্তার ধামরাই-বাগনগর এলাকার বাসিন্দা। তবে নিহত অন্যজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে গুরুতর আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে।