ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু 

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৬৫০ জনের মৃত্যু হলো। 

শুক্রবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ২৫১ জন রোগীর।

আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬১৫ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।