ইইউ নির্বাচনী বিশেষজ্ঞ মিশনের সঙ্গে এবি পার্টির বৈঠক

ঢাকা সফররত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ মিশন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর একটি হোটেলে এ বৈঠক হয়।  

ইইউ মিশনের প্রধান ও নির্বাচনী বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড এবং রাজনৈতিক বিশেষজ্ঞ আলেকজান্ডার মাতুস মিশনের প্রতিনিধিত্ব করেন। এবি পার্টির পক্ষে বৈঠকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু জানান, ইইউ নির্বাচন বিশেষজ্ঞরা এবি পার্টির উদ্দেশ্য, কর্মসূচি এবং সমস্যা সমাধানমূলক নতুন প্রজন্মের রাজনীতি এবং ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের কারণ সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। মতবিনিময়কালে সব শর্ত পূরণের পরও ইসির এবি পার্টিকে নিবন্ধন না দেওয়ার বিষয়টিও তোলা হয়। 

প্রতিনিধি দলকে এবি পার্টির নেতারা জানান, আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলেন, ক্ষমতাসীন দলের সৃষ্ট ভূঁইফোঁড় রাজনৈতিক দল ও ডামি প্রার্থী নির্বাচনকে হাস্যকর করে তুলেছে।