চট্টগ্রাম দ্বিতীয় বিভাগ ফুটবল

সামনে জাতীয় নির্বাচন, পুলিশ দলের নাম প্রত্যাহার

আজ থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত দ্বিতীয় বিভাগ ফুটবল। ১০ দল নিয়ে এই লিগ শুরু হওয়ার কথা থাকলেও পুলিশ দল নাম প্রত্যাহার করে নেয়। বাকি ৯ দল নিয়ে শুরু হচ্ছে এই লিগ।

এখন খেলা হবে ৯ দলের মধ্যে। এতে সমস্যায় পড়ে কমিটি। কারণ ফিকশ্চার প্রণয়ন করে লিগ আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়ে গিয়েছিল আগেই। এখন আবার নতুন করে ফিকশ্চার প্রণয়ন করা হয়েছে।

লিগ মাঠে গড়ানোর আগ মুহূর্তে জানা গেল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দল কেন লিগে অংশ নিচ্ছে না। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপুলিশ কমিশনারকে (ওয়েলফেয়ার) মোবাইলে বারবার ফোন করেও পাওয়া যায়নি। তবে দলের ম্যানেজার হারুন-অর রশিদ ইত্তেফাককে জানান, আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত কাজে নিয়োজিত থাকার জন্য ক্যাম্পে এখন কোনো ফুটবলার নেই। অনুশীলনও চালানো সম্ভব হয়নি। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে—কর্ণফুলী ক্লাব, মাদারবাড়ি শোভনীয়া ক্লাব, মুক্তকণ্ঠ ক্লাব, নওজোয়ান গ্রীন, আবাহনী জুনিয়র, পাইরেটস ক্লাব, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা, রেলওয়ে এমসএ, চান্দগাঁও স্পোর্টিং ক্লাব। খেলা হবে সরাসরি লিগ ভিত্তিতে। স্থানীয় খেলোয়াড় ব্যতীত অন্য জেলার কোনো খেলোয়াড় লিগে খেলতে পারবে না। লিগের বাজেট ৬ লাখ টাকা। তবে কোনো স্পন্সর নেই, ডিএফএর তহবিল থেকে ব্যয় করা হবে।

আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কর্ণফুলী ক্লাব এবং চান্দগাঁও স্পোর্টিং ক্লাব। বিকাল ২.৩০টায় এ খেলা শুরু হবে। এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন।