জঙ্গিবাদের সাংগঠনিক কাঠামো ভেঙে দিতে সক্ষম হয়েছি: মনিরুল ইসলাম

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, জঙ্গিবাদের সাংগঠনিক কাঠামো ইতোমধ্যে ভেঙে গেছে। তিনি বলেন, জঙ্গিবাদের যে সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছিল, আমরা বিভিন্ন অভিযানে তা ভেঙে দিতে সক্ষম হয়েছি।

হলি আর্টিসানে হামলার মতো ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেলক্ষ্যে পুলিশ ও সিটিটিসি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে জঙ্গিমুক্ত করা সম্ভব।

আজ সোমবার রাজধানীর গুলশান হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহতদের শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

মনিরুল ইসলাম বলেন, আজ হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ ও নৃশংস হামলার তৃতীয় বার্ষিকী। ৩ বছর আগে ২০১৬ সালে ১ জুলাই এই দিনে হলি আর্টিসানে নৃশংস হামলায় পুলিশের দুইজন কর্মকর্তাসহ ২২ জন নিহত হয়েছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, এই হামলার সঙ্গে যারা নব্য জেএমবি জড়িত ছিল, তারা সবাই নিহত হয়েছে। অনেকে অভিযানে নিহত ও জীবিত গ্রেফতার হয়। আমরা আশা করছি, দ্রুত বিচার কাজ শেষ হবে। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে নিহতের পরিবার তাদের অপূরণীয় ক্ষতির ক্ষেত্রে একটু হলেও মানসিক সান্তনা পাবেন।

আরো পড়ুন: বিশ্বকাপে যেমন ছিল বাংলাদেশ-ভারত লড়াই

নাগরিক তথ্য সংগ্রহ, সরাসরি অভিযান, সচেতনতামূলক কর্মসূচিসহ ডিএমপির নানা উদ্যোগ রয়েছে উল্লেখ করে মনিরূল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে জঙ্গিমুক্ত করা সম্ভব।

তিনি বলেন, হলি আর্টিসান হামলার পরপরই শোলাকিয়ায় ঈদের জামাতে হামলার চেষ্টা হয়। একই কায়দায় আরও কয়েকটি সহিংস ও নৃশংস হামলার পরিকল্পনা ছিল। আমাদের ইনটেলিজেন্স তথ্যের মাধ্যমে, প্রি অ্যাক্টিভ অপারেশন ও প্রো অ্যাক্টিভ ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদের সেই পরিকল্পনাগুলো নস্যাৎ করা হয়েছে।

তিনি বলেন, বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় প্রেক্ষাপটে বড় কোন ঝুঁকির মাত্রা না থাকলেও ছোট খাটো ঝুঁকি বা হামলা যাতে না ঘটাতে পারে সেলক্ষ্যে আমরা কাজ করছি। কাজেই সুনির্দিষ্ট কোন হামলার তথ্য না থাকলেও সকলকে সতর্ক থাকতে হবে এবং আমরা সমবেত চেষ্টার মাধ্যমে যেকোন হামলার প্রচেষ্টাকে রুখে দিতে পারব।

ডিএমপি’র গুলশান বিভাগের পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ, গুলশান জোনের এডিসিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআই