মাদারীপুর সাংবাদিককে মারধর, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

মাদারীপুরের সদর উপজেলার শ্রীনদী বাজারে দৈনিক গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক ও মফস্বল সাংবাদিক ফোরাম রাজৈরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল শিকদারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল মো. শাহীন শেখকে প্রত্যাহার করা হয়েছে।

ভুক্তেভোগী সাংবাদিক রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সোহেল শিকদার মাদারীপুর সদর উপজেলার রায়েরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা এসকেন্দার শিকদারের ছেলে।   

জানা যায়, শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে শ্রীনদী বাজারে একটি ভ্যান চুরির ঘটনাকে কেন্দ্র করে ভ্যানচালক মিন্টু খালাসী শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন। ভুক্তভোগী মিন্টু খালাসীর সঙ্গে ওই সাংবাদিক কথা বলার সময় কিছু বুঝে ওঠার আগেই পুলিশ কনস্টেবল মো. শাহীন শেখ শার্টের কলার ধরে গালাগালাজ ও কিল-ঘুষি দিতে থাকে। পরে স্থানীয়রা সোহেলকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য নিয়ে আসে। এ ঘটনার সংবাদ পেয়ে ওই সাংবাদিককে দেখতে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। 

মাদারীপুরের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, অভিযুক্ত কনস্টেবল মো. শাহীন শেখকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।