ট্রেনে হারানো স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী

ট্রেন থেকে নেমে নিখোঁজ হওয়ার ১০ দিন পর গৃহবধূ বিজলী আক্তারকে (৪০) খুঁজে পেয়েছেন তার স্বামী দলিম উদ্দীন।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে বাড়ি এই দম্পত্তির। গত ২৯ জুন ইত্তেফাকের অনলাইনে ‘ট্রেনে হারিয়ে ফেলা স্ত্রীকে এক সপ্তাহ ধরে খুঁজছেন স্বামী’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সে সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

রবিবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার সময় ঢাকা থেকে একটি নৈশ কোচে করে ওই গৃহবধূ  ঠাকুরগাঁও শহরে পৌছুলে কয়েকজনের নজরে পড়েন তিনি। সংবাদে থাকা ছবির সঙ্গে মিল খুঁজে পেলে তাকে অটোচার্জার যোগে বাড়িতে পৌঁছে দেন তারা।

গৃহবধূ বিজলী আক্তার জানান, ফুলবাড়ী স্টেশনে পানি পান করার জন্য নেমে পড়েন তিনি। পানি পান করে পুনরায় ট্রেনে ওঠার আগেই ট্রেনটি ছেড়ে দেয়। পরের একটি ট্রেনে উঠে তিনি বাড়িতে ফেরার চেষ্টা করলেও সেই ট্রেনটি পুনরায় তাকে নিয়ে যায় ঢাকা শহরে। 

ঢাকায় কয়েকটি নৈশ কোচে বাড়িতে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। অবশেষে গত গত ২৯ জুন সন্ধ্যায় তিনি একটি নৈশ কোচে উঠে রংপুর শহর পর্যন্ত আসেন।

সেখান থেকে ঠাকুরগাঁও আসার চেষ্টা করলে একটি নৈশ কোচ তাকে পঞ্চগড়ে নিয়ে যায়। পরে পঞ্চগড়ের কয়েকজন সংবাদে উল্লেখিত বিবরণ অনুযায়ী গৃহবধূর চেহারায় মিল পেয়ে তাকে ঠাকুরগাঁওয়ের একটি বাসে তুলে দেন।

তিনি বলেন, ‘রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরে পৌছাইলেও বাড়ি ফেরার জন্য কোন রাস্তা মনে পড়ছিলো না তার। পাশের গ্রামের কয়েকজন শহরে ব্যক্তিগত কাজ শেষে ফেরার পথে গৃহবধূকে দেখলে তাকে অটোবাইকযোগে বাড়িতে পৌঁছে দেন।

মাকে ফিরে পেয়ে প্রাণ ফিরেছে ওই গৃহবধূর দুই সন্তানের। স্বস্তি ফিরেছে ওই পরিবারে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর গৃহবধূ বাড়িতে ফেরাতে খুশি এলাকার সাধারণ মানুষেরাও।

গৃহবধূর স্বামী দলিম উদ্দীন জানান, ‘গণমাধ্যমে বিষয়টি না এলে আমি আমার স্ত্রীকে খুঁজে পেতাম না। স্ত্রীকে ফিরে পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে গণমাধ্যম ও স্থানীয় প্রশাসন। এজন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বলেন, ‘প্রশাসন ও গণমাধ্যম একযোগে কাজ করলে অনেক সমস্যা দ্রুত নিরসন সম্ভব। গৃহবধূর বাড়িতে ফেরা বিষয়টি তার প্রমাণ।’

প্রসঙ্গতঃ গত ২১ জুন দুই সন্তানসহ পরিবার নিয়ে ঢাকা থেকে ট্রেনে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে আসার পথে গৃহবধূ বিজলী আক্তারকে(৪০) হারিয়ে ফেলেন তার স্বামী দলিম উদ্দীন। প্রায় ১০ দিন ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন রেলস্টেশনে খোঁজ করেন দলিম উদ্দীন।

আরও পড়ুন: আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

শুক্রবার (২৯জুন) রাতে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করলে বিষয়টি তুলে ধরে গণমাধ্যম।

ইত্তেফাক/নূহু