বিভিন্ন বিচিত্র কারণে পরিত্যক্ত হওয়ার ঘটনা রয়েছে ক্রিকেট ম্যাচে। অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেট লীগ বিগ ব্যাশে এমনটা হয়েছে আজ পার্থ স্কর্চার্স এবং মেলবোর্ন রেনেগেডসের ম্যাচে। অনিরাপদ পিচ দেখিয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দলের অধিনায়ক, ম্যাচ রেফারি ও আম্পায়ারের আলোচনার শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
জিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বিগ ব্যাশের দুই দল মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কর্চার্স। টসে জিতে রেনেগেডস অধিনায়ক নিক ম্যাডিনসন জানিয়েছিলেন, পিচ এখনো একেবারেই ভেজা।
এরপরেই স্কর্চার্সকে ব্যাট করতে পাঠান তিনি। পিচে প্রথম থেকেই অতিরিক্ত বাউন্স পেয়ে আসছিলেন মেলবোর্নের বোলাররা। পরবর্তীতে জশ ইংলিশ আবেদন করলে আম্পায়াররা পিচ পর্যালোচনা করেন। এরপর আলোচনা শেষে তারা ম্যাচটি বাতিল ঘোষণা করেন।
টানা বৃষ্টির কারণে পিচ ঢাকা ছিল। গ্রউন্ডসম্যানের প্রচেষ্টায় খেলা নির্দিষ্ট সময়েই শুরু হয়েছিল। কিন্তু ৬.৫ ওভার খেলার পর আর খেলা গড়ানো সম্ভব হয়নি।