‘ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সদস্য সংগ্রহের চেষ্টা করছে। বাংলাদেশের জঙ্গিদের আইএসের মতাদর্শ বাস্তবায়নে অনেকে সিরিয়া গেলেও একজনও ফিরে আসেনি।’ সোমবার দুপুরে রংপুরে সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালু, মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট চালু এবং কর্মবন্টন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উদ্বোধন শেষে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
এ সময় তিনি আরও বলেন, ‘নব্য জঙ্গিরা আইএস মতাদর্শের দিকে ঝুঁকে পড়ছে। আমাদের পুলিশের বিভিন্ন টিম এসব দমনে সজাগ রয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তাদের অনলাইন কার্যক্রমকে নষ্ট করে দেওয়া হচ্ছে।’
আইজিপি আরও বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর আইএস অনুসারী জঙ্গি বাংলাদেশ থেকে দমন করা হয়েছে। কিন্তু আবারও ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে তারা বাংলাদেশে সদস্য সংগ্রহ করছে। তবে ভয়ের কিছু নেই। বাংলাদেশে জঙ্গিবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে যাতে না পারে সেজন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।’ এ সময় হলি আর্টিজান মামলাটির স্বাক্ষ্য গ্রহণ সহসাই শেষ হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: খুলনায় কনস্টেবল নিয়োগ বাণিজ্যের অভিযোগে প্রতারক আটক
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান, মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুক, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
ইত্তেফাক/নূহু