ক্লোজআপ তারকা সাব্বিরের ‘ও মেয়ে’ শীর্ষক গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। গানটির সুর-সঙ্গীতের পাশাপাশি লিখেছেন শিল্পী নিজেই। ফলে এবার গীতিকার হিসেবে তার আত্মপ্রকাশ ঘটেছে।
এ ব্যাপারে রোববার (১০ ডিসেম্বর) সাব্বির বলেন, ‘একদিন রেস্তোরাঁয় গিয়ে একটি মেয়েকে দেখে চোখ আটকে যায়। সেদিনেই তাকে নিয়ে গানটি লিখে ফেলি। গানটি তৈরিতে আমার স্ত্রীও সহায়তা করেছে। গানের প্রথম শ্রোতাও সে।’
তিনি আরও জানান, গানটি ভিডিও আকারে নিজের ইউটিউব চ্যানেলেই অবমুক্ত করেছেন। এর ভিডিও নির্দেশনা দিয়েছেন লতা আচার্য্য। ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছেন সিন্থিয়া ইয়াসমিন। সেজাত খানের চিত্রায়নে ভিডিও সম্পাদনা করেছেন সজিবুজ্জামান দিপু।
২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে অভিষেক ঘটে সাব্বিরের। তার পুরো নাম সাব্বির জামান। কণ্ঠশিল্পীর পাশাপাশি ধীরে ধীরে সুরকার-সংগীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। এবার গীতিকার হিসেবে তার পথচলা শুরু হলো।
ভবিষ্যত ভাবনা নিয়ে সাব্বির জামান বলেন, বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলে পূর্ণাঙ্গ মনোযোগ দিচ্ছেন। একাধিক গান প্রস্তুতও আছে। যেগুলো তিনি এক এক করে প্রকাশ করবেন।