নাশকতার মামলা

যুবদলের সাবেক সভাপতিসহ বিএনপির ১০ নেতাকর্মীকে সাজা

১০ বছর আগের রাজধানীর তেজগাঁও থানার নাশকতা ও গাড়িতে আগুন দেওয়ার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ বিএনপির ১০ নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আলাদা দুই ধারায় তাদের এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন ঢাকা সিটির সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান, লুৎফর রহমান, শাহীন ওরফে গান্ডু শাহীন, তরিকুল ইসলাম ওরফে ঝন্টু, আমিনুল ইসলাম জাকির, গোলাম কিবরিয়া শিমুল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম ও জাকির হোসেন। তাদের মধ্যে সাইফুল আলম নীরব ও আনোয়ারুজ্জামান রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। বাকি ৮ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ মার্চ সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে মহাখালী থেকে যাত্রী নিয়ে কারওয়ান বাজারের দিকে যাওয়ার সময় কাওরান বাজারের ওয়াসা ভবনের সামনে একটি ট্যাক্সিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ট্যাক্সিচালক বাবুল তেজগাঁও থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক মাহবুবুর রহমান ২০১৪ সালের ১৪ আগস্ট আদালতে চার্জশিট দেন।