মাংস খেতে ফের তিমি শিকার শুরু করলো জাপানি জেলেরা

তিন দশক পর ফের তিমি শিকারের নির্দেশ দিয়েছে জাপান সরকার। নির্দেশ পেয়ে ইতিমধ্যে শিকার শুরুও করে দিয়েছে দেশটির জেলেরা। আন্তর্জাতিক তিমি শিকার কমিশন (আইডব্লিউসি) থেকে বেরিয়ে গিয়ে ফের বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু করায় উদ্বেগ জানিয়েছে পরিবেশবাদীরা। জাপান বলছে, খাওয়ার উদ্দেশ্যে তিমি শিকারের অনুমতি দেয়া হয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

জাপান সরকার দেশটির সংসদ সদস্যদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। পরে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ জারি করা হয়।

১৯৮৬ সালে আইডব্লিউসি সব ধরনের বাণিজ্যিক তিমি শিকারের উপর এক স্থগিতাদেশ জারি করে। কিছু প্রজাতির তিমির বিলুপ্ত হওয়ার আশঙ্কায় এমন সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি। আইডব্লিউ’র এমন সিদ্ধান্তের পর ১৯৮৮ সাল থেকে তিমি শিকার বন্ধ রাখে জাপান।

তবে অনেক বছর ধরে কথিত ‘বৈজ্ঞানিক গবেষণা’র নামে তিমি শিকার করে তার মাংস বিক্রি করে আসছে জাপান। বিশ্বব্যাপী প্রাণী সংরক্ষণকর্মীরা এ নিয়ে জাপানের ব্যাপক সমালোচনা করেন।

তবে জাপানের যুক্তি হচ্ছে, তিমির মাংস খাওয়া তাদের সংস্কৃতির অংশ। জাপানের উপকূলীয় এলাকাগুলোতে বাস করা মানুষেরা শতাব্দীর পর শতাব্দী ধরে তিমি শিকার করে আসছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে তিমির মাংস প্রধান খাবার হয়ে ওঠে।

আরও পড়ুনঃ মিয়ানমারের রাখাইনকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করার প্রস্তাব মার্কিন কংগ্রেসে

জাপানের এমন সিদ্ধান্তের খবর চাউর হওয়ার পর থেকেই প্রাণী সংরক্ষণকর্মীরা সমালোচনা শুরু করেছেন। জাপান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও দেশটির গণম্যাধ্যমগুলো ফলাও করে পুনরায় তিমি শিকারের সংবাদ প্রচার করে যাচ্ছে।

ইত্তেফাক/টিএস