নেত্রকোনায় ছাত্রলীগ নেতার ঘুষিতে স্কুলছাত্র নিহতের অভিযোগ

নেত্রকোনার পূর্বধলায় রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতার ঘুষিতে রেজাউল ইসলাম টিটু (১৭) নামে এক স্কুলছাত্রের নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দু’জনকে আটক করেছে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি পশ্চিম পাড়া এলাকায় নিহত টিটু উপজেলার বুধি পশ্চিমপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও স্থানীয় মজিবর রহমান টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র। অপরদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম রোমান তালুকদার। তিনি পশ্চিম বুধী এলাকার আইয়ুব আলী খানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বুধী পশ্চিমপাড়া এলাকায় রোমান তালুকদার তার বাড়ির পাশে ভেকু দিয়ে মাটি কেটে রাস্তা সংস্কারের কাজ করছিলেন। কিছুক্ষণ পর রাস্তার পাশে রেজাউলের চাচা মো. আবদুল হাকিমের জমি থেকে মাটি কেটে রাস্তায় ফেলা হয়।

এ সময় ওই জমির মালিক আব্দুল হাকিম বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি শুরু হলে রেজাউল ইসলাম তার চাচার পক্ষ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ছাত্রলীগ নেতা রোমান ক্ষিপ্ত হয়ে ঘুষি মারলে রেজাউল মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আশরাফুল (১৭) ও  মুঞ্জুরুল (৫০) নামে দুই জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা করা হয়নি।