কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নে সাংবাদিক ও কলামিস্ট তারিক চয়নের কাছে জন্মনিবন্ধন বাবদ অবৈধভাবে ২৭০০ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সোমবার (১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি।
‘জন্ম নিবন্ধন নিয়ে কুমিল্লার দেবিদ্বারে জমজমাট বাণিজ্য’ শিরোনামে তিনি লিখেছেন-
আমি সেই ২০০৬/০৭ সালের দিকে জন্ম নিবন্ধন করেছিলাম। কিন্তু, সেটি নাকি অনলাইনে উঠেনি! এখন মেয়ের জন্ম নিবন্ধনের জন্য বাধ্য হয়ে আমাকেও নতুন করে জন্ম নিবন্ধন করতে হচ্ছিল। আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায় হলেও ঢাকায় আসার আগে সারাজীবন কুমিল্লা শহরেই থেকেছি।
তাই, নিবন্ধনের বিষয়ে আলাপ করতে একজন আমাকে ফোনে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের (আমার স্থায়ী ঠিকানা) চেয়ারম্যান জাহিদুল আলমকে ধরিয়ে দিলে তিনি খুবই সুন্দর ব্যবহার করলেন। কিন্তু, পরক্ষণেই ওই অফিস থেকে তার পিএস পরিচয় দানকারী আত্মীয় আমার কাছে ২৭০০ টাকা দাবি করলেন। আমি নিজ পরিচয় দিয়ে ২৭০০ টাকা কেন চাইলেন এবং আমাদের কথা রেকর্ড করা হয়েছে জানালে তিনি ফোনের লাইন কেটে দিলেন।
এ বিষয়ে যোগাযোগের জন্য জাহিদ চেয়ারম্যানকে অনেকবার ফোন করলেও তিনি ফোন ধরেন নি। অনেকেই বলছেন, চেয়ারম্যান-কর্মচারী-আত্মীয়রা মিলেমিশেই এ ধরনের কাজ করেন। আমি সেটি বিশ্বাস করতে চাই না। কিন্তু, তা সত্য হলে আগেপরে সবাইকেই বিচারের আওতায় আনা হবে। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কেঁচো খুড়ে অনেক সাপ বের করে আনা হবে। নিজ এবং সকলের স্বার্থে...
বিষয়টির সত্যতা নিশ্চিত করে তারিক চয়ন বলেন, ‘শুধু আমিই নয়, এর আগে পরিচিত অনেকেই জন্মনিবন্ধন করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হয়েছেন। এ কারণেই বিষয়টি সবার সঙ্গে শেয়ার করলাম। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ অভিযোগ আমলে না নিলে আমি আইনি পদক্ষেপ নিতেও পিছপা হবো না।’