শাকিবকে নিয়ে ‘তুফান’ বানাবেন রাফি

জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমায় অভিনয় করবেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই ঘোষণা দিয়েছেন স্বয়ং পরিচালক।

বাংলাদেশের চরকি ও আলফা আই এবং ভারতের এসভিএফ তুফান নামের এ সিনেমাটি প্রযোজনা করবে।

শাকিব খান বলেন, ‘দুই দেশের বড় তিনটি প্রযোজনা সংস্থা মিলে এই সিনেমায় লগ্নী করছে। আমরা কিন্তু একটা স্বপ্ন নিয়েই যৌথভাবে এগোচ্ছি— সেটা হলো বাংলাদেশের সিনেমা নিয়ে বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানোর।’

তিনি আরও বলেন, ‘আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশ কোটি টাকা ব্যবসা করবে। হতে পারে ‘তুফান’ আমাদের সেই সুযোগ এনে দেবে।’

রায়হান রাফি বলেন, ‘সুরঙ্গ’র পর আমার স্বপ্ন ছিল বড় আয়োজনে একটা সিনেমা নির্মাণ করবো। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সঙ্গে কাজ করছি। এটা আমার অনেক বড় প্রাপ্তি। বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেবো।’

আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।