নীলফামারীতে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

নীলফামারীতে গাছ থেকে পড়ে আরমান হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আরমান পৌর শহরের মধ্যে হাড়োয়া মহল্লার ইয়াকুব আলীর ছেলে ও শহরের ড্রিমল্যান্ড রেসিডিন্সিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। সোমবার (১ জুলাই) সদরের ইটাখোলা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সদরের ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জু। নিহতের মামা হাচানুর রহমান (৪৬) বলেন, সকালে প্রতিবেশী লাভলী বেগমের বাড়ির নারিকেল গাছে চড়ে নারিকেল পাড়ার সময় সে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, ‘আরমানের দুই বছর বয়সে তাকে নানা আকবর আলী ও নানী উম্মে বেগমের কাছে রেখে ঢাকায় চলে যান আরমানের মা চায়না বেগম ও বাবা ইয়াকুব আলী। তারা দুজনই গার্মেন্টস শ্রমিক।’

আরমানের নানী উম্মে বেগম (৬২) জানান, ‘ সকালে প্রাইভেট পড়ে বাড়িতে এসে বই রেখে প্রতিবেশী লাভলী বেগমের বাড়িতে গিয়ে তার গাছের নারিকেল পাড়ার জন্য গাছে উঠতে গিয়ে পড়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্য হয়।’

আরও পড়ুন: রাজশাহীর পুঠিয়ায় গভীর রাতে নারীকে কুপিয়ে হত্যা

নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে অভিযোগ করেনি। বাদী পক্ষের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইত্তেফাক/নূহু