সীতাকুণ্ডে অনেক জল্পনা-কল্পনা শেষে আওয়ামী লীগের বিভক্ত ৩টি গ্রুপ এক হয়ে আওয়ামী লীগের উপজেলা সভাপতি বাকের ভূঁইয়ার নেতৃত্বে নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় পৌরসভা সদরে অবস্থিত এল কে সিদ্দিকী স্কয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক ও ১ নম্বর সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান এএইচএম তাজুল ইসলাম নিজামীর পরিচালনায় বক্তব্যে দেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ ম ম দিলশাদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকার মনোনীত প্রার্থী এসএম আল মামুন।
আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি ফখরুদ্দিন চৌধুরী, উত্তর জেলা শ্রম সম্পাদক মহসীন জাহাঙ্গীর, উত্তর জেলা সাংস্কৃতিক সম্পাদক ও সীতাকুণ্ড উপজেলা ভাইস-চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, উত্তর জেলা সদস্য গোলাম রব্বানী, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক এসএম রিয়াদ জিলানী এবং উপজেলা আওয়ামী লীগের সকল নেতারা ও ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাকের ভূঁইয়া তার বক্তৃতায় বলেন, আমরা আজ ঐক্যবদ্ধ হয়েছি নৌকাকে বিজয়ী করতে। কিন্তু কেউ কারও পক্ষ নিয়ে কাউকে খাটো করার চেষ্টা করবেন না। এটা যদি কেউ করে তাহলে মনে করতে হবে, সে নৌকাকে ডুবানোর জন্য পায়তারা করছে। মনে রাখতে হবে শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। কারণ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প নেই।