যশোরের চৌগাছায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন উপজলোর পাশাপোল ইউনিয়নের মালিগাতি গ্রামের মৃত আলী বক্সের ছেলে নুর ইসলাম (৪০) এবং তার নিকট আত্মীয় একই ইউনিয়নের দুড়িয়ালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আয়ুব হোসেন (৫৫)।
জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার পাশাপোল বাজার থেকে নূর ইসলাম আয়ুব হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চড়ে ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে চৌগাছার পলুয়া গ্রাম মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাক ফেলে চালক ও সহকারী কপোতক্ষ নদ পার হয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দুটি লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
চৌগাছা থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই জাফরিন জানান, ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রাককে পুলিশ জব্দ করেছে।