রাজশাহীতে 'এন্থ্ররুটস'র প্রকল্পের যাত্রা শুরু

জ্ঞান নির্ভর ও পরমতসহিষ্ণু প্রজন্ম গঠনের লক্ষ্যে রাজশাহীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান ইন্সটিউট অব এপ্লাইড এন্থ্রপলজি কর্তৃক পেল্টো ইন্টারন্যাশনাল এওয়ার্ড ২০২৩ এর আওতায় পরিচালিত ফলিত নৃবিজ্ঞান বিষয়ক প্রকল্প 'এন্থ্ররুটস' অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে এ অঞ্চলের কার্যক্রম শুরু হয়। 

ফলিত নৃবিজ্ঞান বিষয়ক প্রকল্প 'এন্থ্ররুটস' বাংলাদেশে স্কুল ও কলেজ পর্যায়ে নৃবিজ্ঞানের জ্ঞান ও মূল্যবোধ প্রচারের মাধ্যমে একটি জ্ঞান নির্ভর, পরমতসহিষ্ণু প্রজন্ম গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমে রাজশাহী অঞ্চলের রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ৩২৭জন ছাত্র-ছাত্রী , ২৫ জন শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে নৃবিজ্ঞানী এ.কে এম, মাজহারুল ইসলাম বলেন, পেল্টো হচ্ছে একজন বিখ্যাত নৃবিজ্ঞানী। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি নৃবিজ্ঞানের প্রচারে কাজ করেছেন। তিনি এবং তার ছাত্ররা নৃবিজ্ঞানকে গ্রাস রুটস পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। আমরা নৃবিজ্ঞানের সারমর্ম আপনাদের কাছে পৌঁছে দিতে চাচ্ছি।তিনি তার বক্তব্যে একটি পরমতসহিষ্ণু জাতি গঠনে নৃবিজ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। 

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী অঞ্চলের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক বলেন, গ্রাস রুটস পর্যায়ে এন্থ্রপলজিকে পৌঁছে দেয়ার জন্য এটা একটা চমৎকার কার্যক্রম। 

নৃবিজ্ঞান এমন একটা চোখ তৈরি করে যা প্রতিনিয়ত চারপাশকে দেখতে থাকে বলে মন্তব্য করেন বিশিষ্ট লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মামুন হুসাইন। 

অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পেল্টো ইন্টারন্যাশনাল ২০২৩ পদকপ্রাপ্ত নৃবিজ্ঞানী অধ্যাপক এ.কে. এম. মাজহারুল ইসলাম, বিশিষ্ট লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মামুন হুসাইন, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রেজাউল করিম, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও লিটন হুসাইন উপস্থিত ছিলেন।